দীর্ঘ একবছরের বেশি সময় পর বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি একটি বৈঠক করতে যাচ্ছেন। দুই প্রধানমন্ত্রীর এই বৈঠকে অন্য কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। অবশ্য দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন, সীমান্ত সংঘাতের মতো অনেক বিষয় দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এই আলোচনায় দুই দেশের মধ্যের বড় বড় ইস্যুগুলো গুরুত্ব পাবে বলে পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন ইঙ্গিত দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে দেশ দু’টির মধ্যে নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। তবে এ ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সূত্র দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, এই বৈঠকে যে পাঁচটি বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে, তার মধ্যে রয়েছে – হাতি সংরক্ষণ, বরিশালে পয়ঃনিষ্কাশন প্ল্যান্ট স্থাপন, সামাজিক উন্নয়ন, হাইড্রো-কার্বন খাতে সহযোগিতা ও কৃষিখাতে সহযোগিতা। এছাড়া ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগটি ৫৫ বছর পর উদ্বোধন করা হবে।
দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চুয়াল বৈঠকটি হবে আজ বৃহস্পতিবার সকালে । তবে সমঝোতা স্মারকগুলোয় স্বাক্ষর করবেন বাংলাদেশের কর্মকর্তারা ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার।
সামনের বছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে এই বৈঠকের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আর ভারতের কূটনৈতিক দপ্তরের বরাত দিয়ে সেদেশের সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, গত একবছর ধরে দুই দেশের সম্পর্কের যে শীতলতা চলছে, সেটি স্বাভাবিক করারও চেষ্টা থাকবে এই বৈঠকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মোদী গত বছরের ৫ই অক্টোবর নয়াদিল্লিতে সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠক করেন।