বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে চীন—এমন আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব চীন সবসময় সম্মান করে এবং ভবিষ্যতেও তার পাশে থাকবে। সংকটময় পরিস্থিতিতে চীন সত্যের পক্ষে থাকবে।”

তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলেও মত দেন তিনি।

চীনা রাষ্ট্রদূত জানান, চলতি মাসের শেষ দিকে চীনের বাণিজ্যমন্ত্রী এবং শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীর একটি বৃহৎ প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। তিনি দাবি করেন, এত বড় চীনা প্রতিনিধি দল এর আগে কখনও বাংলাদেশে আসেনি। এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, “স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়—এ বিষয়ে চীন কোনো মন্তব্য করতে চায় না।”

সেমিনারে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, “চীন ও বাংলাদেশের সম্পর্ক কেবল ৫০ বছরের নয়, এ সম্পর্কের শিকড় হাজার বছরের। অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার।”

তিনি আরও বলেন, চীন কখনও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।

শেয়ার করুন: