মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তিনি পরাজিত হন নিজ দলেরই স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত না হলেও তিনি দীর্ঘদিন ধরে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও, তিনি এক সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন।
নির্বাচনে পরাজয়ের পর থেকে মমতাজ বেগম নিজ এলাকায় খুব একটা যাননি এবং উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন না। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। উল্লেখ্য, তিনি একজন খ্যাতিমান লোকসংগীতশিল্পী এবং একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।