অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে দেশব্যাপী সিআইডির কঠোর অভিযান শুরু

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সারা দেশে জোরালো অভিযান শুরু করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৭ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনলাইনে পরিচালিত এই ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সিআইডি পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। এ পর্যন্ত এক হাজারেরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্টকে অনলাইন জুয়ার লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণসহ শনাক্ত করেছে সংস্থাটি।

এইসব এজেন্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের লাইসেন্স বাতিল এবং অর্থদণ্ডের জন্য একটি তালিকা ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

বর্তমানে মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা সহজে অর্থ উপার্জনের আশায় এতে জড়িয়ে পড়ছে। এতে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দেউলিয়া বা নিঃস্ব হয়ে পড়ছে এবং পরবর্তীতে তারা অপরাধ, পারিবারিক সহিংসতা এমনকি আত্মহত্যার মতো চরম পরিণতির দিকে ধাবিত হচ্ছে।

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২০ অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া-সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। এই অপরাধে দুই বছর পর্যন্ত কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এছাড়া, ২১ ও ২২ ধারায় জুয়া সংক্রান্ত লেনদেন, প্রতারণা ও জালিয়াতিকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সিআইডি নাগরিকদের অনুরোধ করেছে— তারা যেন নিজেরা অনলাইন জুয়া ও বেটিং থেকে বিরত থাকেন এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে এ ধরনের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সচেতন করেন।

সন্দেহভাজন অ্যাপ, ওয়েবসাইট বা মোবাইল নম্বর সম্পর্কে তথ্য জানাতে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০১০১৪৬, ০১৩২০০১০১৪৭, ০১৩২০০১০১৪৮।

শেয়ার করুন: