
মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়—এ কথা সত্য। তাই ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি খাওয়া একেবারেই নিরুৎসাহিত করা হয়। এমনকি, ডায়াবেটিস ধরা পড়ার আগেই মিষ্টিজাত খাবারে নিয়ন্ত্রণের পরামর্শ দেন চিকিৎসকরা। কারণ, নিয়মিত মিষ্টি খাওয়ার অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
তবে শুধুমাত্র মিষ্টিই ডায়াবেটিসের কারণ নয়। দৈনন্দিন জীবনের কিছু সাধারণ ভুল অভ্যাসও রক্তে শর্করার পরিমাণ বাড়াতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এমনই কিছু সতর্কতামূলক পরামর্শ জানিয়েছে।
যেসব অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়:
১. সকালের নাশতা বাদ দেওয়া:
অনেকেই অফিসের তাড়ায় সকালে নাশতা না করেই বেরিয়ে পড়েন। কিন্তু দীর্ঘ সময় পেট খালি রাখলে ইনসুলিনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই নিয়মিত সময়মতো পেট ভরে নাশতা করা উচিত।
২. ঘুমের ঘাটতি:
পর্যাপ্ত ঘুম না হলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়। গবেষণায় দেখা গেছে, কম ঘুমের ফলে ইনসুলিন সংবেদনশীলতা কমে যায়, যা ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ায়। তাই প্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করা জরুরি।
৩. দীর্ঘক্ষণ বসে থাকা:
দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকলে শরীরের কার্যক্ষমতা কমে যায়। ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ে। নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চার অভ্যাস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক।
৪. ধূমপান:
গবেষণায় প্রমাণিত হয়েছে, ধূমপান ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে। এটি শরীরের ইনসুলিন ব্যবহারের প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই সুস্থ থাকতে ধূমপান সম্পূর্ণভাবে বর্জন করা উচিত।
৫. অতিরিক্ত মানসিক চাপ:
কর্মক্ষেত্রের চাপ কিংবা পারিবারিক টানাপড়েন থেকে যে মানসিক চাপ তৈরি হয়, তা রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে। নিয়মিত যোগব্যায়াম, ধ্যান, কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে।