
আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রসঙ্গে দেওয়া বক্তব্যের একটি অডিও ভাইরাল হওয়ার পর আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” ফরেনসিক বিশ্লেষণে অডিওটি সত্য প্রমাণিত হয়।
পরবর্তীতে শেখ হাসিনা ও দলীয় নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন চিফ প্রসিকিউটর। আদালত তাদের জবাব চাইলেও নির্ধারিত সময়ে তা না পেয়ে শাস্তিমূলক পদক্ষেপ নেয় ট্রাইব্যুনাল।
ন্যায়বিচারের স্বার্থে আদালত শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করলেও তিনি বা তার প্রতিনিধিও শুনানিতে অংশ নেননি।