
yy
২০০৬ সালের মুম্বাই লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে নিহত হয়েছিলেন ১৮৯ জন, আহত হন অন্তত ৮২৪ জন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৫ সালে ১২ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনের সাজা দিয়েছিল ভারতের এক নিম্ন আদালত।
তবে প্রায় ১৯ বছর পর সোমবার (২১ জুলাই) বম্বে হাইকোর্ট এই রায় বাতিল করে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন। বিচারপতি অনিল কিলো ও বিচারপতি শ্যাম চন্দকের নেতৃত্বে গঠিত বেঞ্চ ছয় মাসের মধ্যে ৭৫টি শুনানি শেষে জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে প্রসিকিউশন ব্যর্থ হয়েছে।
আসামিদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এখন তাদের সবাইকে ২৫ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যদি অন্য কোনো মামলায় আটক না থাকেন।
ঘটনাটি ঘটেছিল ২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায়। মুম্বাই শহরতলির সাতটি ট্রেনের প্রথম শ্রেণির কামরায় কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধ দমন আইনে চার্জ গঠন করা হয়েছিল। তবে এখন খালাস পাওয়া ব্যক্তিরা দীর্ঘ ১৯ বছর ধরে বিভিন্ন জেলে বন্দি ছিলেন।
হাইকোর্টের পর্যবেক্ষণ, মামলায় যথেষ্ট প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি এবং সাক্ষ্য-প্রমাণে অসঙ্গতি রয়েছে। তাই দণ্ডিতদের বিরুদ্ধে অভিযোগ টেকেনি।