আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সব প্রস্তুতি সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনগণ ইতিমধ্যে নির্বাচনমুখী হওয়ায় কোনো ষড়যন্ত্র সফল হওয়ার সুযোগ নেই।

শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার গাবতলীতে বীজ ভাণ্ডার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সবজির বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, টানা বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। তবে এ পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার আলু কেনার উদ্যোগ নিয়েছে এবং এর জন্য নির্ধারিত দাম বেঁধে দেওয়া হবে বলেও উল্লেখ করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, গত বছরের ৫ আগস্টের পর লুট হওয়া বহু অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তবে নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধার করা হবে। অস্ত্র উদ্ধারের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে এবং এটি একটি অব্যাহত প্রক্রিয়া। পাশাপাশি শুধু নির্বাচনকে কেন্দ্র করে নয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। দেশের বাইরে থেকে অস্ত্র ঢোকা রোধে সীমান্ত এখন আগের যেকোনো সময়ের তুলনায় আরও সুরক্ষিত করা হয়েছে।

শেয়ার করুন: