জাতীয় দলের ক্রিকেটার নাসুমের বাবার জীবনে অভাবের চিত্র

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী বর্তমানে জীবিকা নির্বাহ করছেন সিকিউরিটি গার্ড হিসেবে। চার বছরেরও বেশি সময় ধরে ছেলের সঙ্গে যোগাযোগ না থাকায় তিনি বাধ্য হয়ে মাসিক মাত্র আট হাজার টাকার বিনিময়ে স্থানীয় এক হাউজিং এস্টেটে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছেন।

এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নাসুমের ভক্ত-সমর্থকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন।

আক্কাস আলী বলেন, “বাবা হিসেবে আমার চাওয়া শুধু ছেলেটা বড় কিছু হোক। ব্যক্তিগতভাবে আমার আর কিছু চাওয়ার নেই।”

স্থানীয়রা জানান, নাসুমের মা মারা যাওয়ার পর থেকেই বাবার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। যিনি রিকশা চালানো, সবজি বিক্রি থেকে শুরু করে রঙের কাজ করে ছেলেকে পড়াশোনা করিয়েছেন এবং জাতীয় দলে পৌঁছে দিয়েছেন, সেই বাবাই আজ একা হয়ে পড়েছেন।

নাসুমের চাচা লুবন মিয়া বলেন, “ভাতিজার প্রতি আমাদের অনেক মায়া ছিল। কিন্তু বিয়ের পর থেকে তার আচরণে পরিবর্তন এসেছে, কেন এমন হলো বুঝতে পারছি না।”

স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, “নাসুমের বাবার সংগ্রাম আমরা সবাই দেখেছি। তিনি দিনরাত খেটে ছেলেকে গড়ে তুলেছেন। আজ সেই বাবা আলাদা হয়ে কষ্ট করছেন—এটা কষ্টের।”

অন্যদিকে জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদ জানান, তিনি বাবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার ভাষায়, “আমি নিয়মিতভাবে বাবাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছি। তবে উনি আমাদের সঙ্গে থাকেন না। যেহেতু উনি নিজের মতো করে থাকতে চান এবং কাজ করছেন, সেখানে আমার কিছু করার নেই।”

উল্লেখ্য, ২০২১ সালে ক্যারিয়ারের শুরুর দিকে নাসুম জন্মস্থান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সে সময় তাকে সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান বলা হলেও তিনি নিজেকে সিলেট জেলার ক্রিকেটার হিসেবে দাবি করেন এবং জেলা ক্রীড়া সংস্থার ওপর থাকা নিষেধাজ্ঞা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

শেয়ার করুন: