
মার্কিন বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যানের নতুন কার্গো মহাকাশযান ‘সিগনাস এক্সএল’ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করেছে। ১৪ সেপ্টেম্বর স্থানীয় সময় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেট ব্যবহার করে এটি উৎক্ষেপণ করা হয়।
এই অভিযানে মহাকাশযানটিতে ৫ টনের বেশি সরবরাহ পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে গবেষণা সরঞ্জাম, নাইট্রোজেন, অক্সিজেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। মহাকাশচারীদের জন্য বিশেষ খাবারও পাঠানো হয়েছে, যার তালিকায় রয়েছে ক্ল্যামস, ওয়েস্টার্স, স্মোকড স্যামন, রোস্টেড টার্কি ও আইসক্রিম।
সিগনাস এক্সএল হলো এ ধরনের মহাকাশযানের সর্বশেষ সংস্করণ। এটি পূর্ববর্তী সংস্করণের তুলনায় প্রায় ১.৬ মিটার লম্বা এবং অতিরিক্ত ২ হাজার ৬০০ পাউন্ড মালামাল বহন করতে সক্ষম। ১৭ সেপ্টেম্বর এটি মহাকাশ স্টেশনের রোবোটিক বাহুর কাছে পৌঁছাবে বলে নাসা জানিয়েছে।
কার্গোতে থাকা যন্ত্রাংশের মধ্যে রয়েছে স্টেশনের ইউরিন প্রসেসরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিস্টেমের প্রতিস্থাপন সরঞ্জাম। নাসা ও নর্থরপ গ্রুম্যানের মতে, এই মিশন আইএসএসের সরবরাহ সক্ষমতা বাড়াতে বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। দীর্ঘমেয়াদি মিশনে মহাকাশচারীদের জীবনধারণ ও গবেষণার প্রয়োজনীয় উপকরণ সরবরাহ দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হচ্ছে।