
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের অদূরে খোয়াই নদীর সেতুর উপর সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে পৌঁছালে বিকল হওয়া পারাবত এক্সপ্রেসকে উদ্ধার করে আবার জংশনে ফিরিয়ে আনা হবে। এতে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগতে পারে।
পারাবত এক্সপ্রেসের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জ ছেড়ে খোয়াই নদী পার হওয়ার পর চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখা যায়, দুটি ফিউজ পুড়ে গেছে এবং ফ্যানও ঘুরছে না। ফলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সমস্যা সমাধানে ফিউজ পরিবর্তন প্রয়োজন, যা করতে মেকানিক্যাল কর্মীর সহায়তা লাগবে। বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।