যুক্তরাষ্ট্রে বাজেট অচলাবস্থায় ফেডারেল সরকার ‘শাটডাউন

যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের অচলাবস্থা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া এ পরিস্থিতিতে সাময়িকভাবে কিছু সরকারি সেবা বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পাঁচ বছর পর আবারও দেশটিকে শাটডাউনের মুখে পড়তে হলো। মূলত সিনেটে ব্যয় বাজেট বিল পাস না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া এ শাটডাউন নিয়ে দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

কংগ্রেস ব্যয় বিল পাস করতে ব্যর্থ হলে অথবা প্রেসিডেন্ট স্বাক্ষর না করলে সরকার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এবারের সংকটের জন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলই একে অপরকে দায়ী করছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এটি প্রথম বড় ধরনের শাটডাউন। সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কংগ্রেস নেতাদের বৈঠকে সমঝোতা হওয়ার চেষ্টা হয়েছিল। তবে শেষ পর্যন্ত দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় সমাধান আসেনি। মঙ্গলবার অর্থায়ন বিল পাস না হওয়ায় শাটডাউন কার্যকর হয়ে যায়।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রিপাবলিকান নেতাদের সঙ্গে সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ডেমোক্র্যাটরা সঠিক কাজ করছেন না। আমেরিকানদের উপর চাপ প্রয়োগ করে সমাধান সম্ভব নয়।”

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি সেবাগুলো চালু থাকবে এবং এ খাতের কর্মীরা শাটডাউনের আওতার বাইরে থাকবেন।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে ৩৫ দিনব্যাপী দীর্ঘ শাটডাউন হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সরকার বন্ধের রেকর্ড গড়েছিল। এবার এ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা স্পষ্ট নয়। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়েই আপাতত সমঝোতার লক্ষণ দেখাচ্ছে না।

শেয়ার করুন: