আসন্ন নির্বাচনে এআই অপব্যবহার রোধে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইসি: সিইসি

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কেন্দ্রীয়ভাবে নজরদারি করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে যেকোনো ধরনের অপপ্রচার প্রতিরোধে কৌশল নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে “নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধে করণীয়” শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, “নির্বাচনের আগের রাতেও এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর আশঙ্কা রয়েছে। তাই পার্বত্য ও দুর্গম এলাকাগুলোর দিকেও বিশেষ নজর দিতে হবে।”

সিইসি আরও বলেন, “এআইয়ের অপব্যবহার এখন বিশ্বজুড়ে একটি বড় চ্যালেঞ্জ। যাতে এই প্রযুক্তি নির্বাচনকালীন সময়ে বিভ্রান্তি বা অপতথ্য ছড়ানোর হাতিয়ার না হয়, সেজন্য ইসি একটি কার্যকর সেল গঠনের উদ্যোগ নিয়েছে।”

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “এ ধরনের সমস্যার মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা এবং দ্রুত প্রতিক্রিয়াই এআই অপব্যবহার রোধের সবচেয়ে কার্যকর উপায়।”

সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞসহ নির্বাচন কমিশনের অন্তত ৮০ জন কর্মকর্তা।

শেয়ার করুন: