বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি: শ্রেণিকক্ষে ফিরছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন। আগামী বুধবার থেকে তারা শ্রেণি কার্যক্রমে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন।

তিনি বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে, এটি আমাদের একটি বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন হাতে নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি এবং আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরব।”

দেলাওয়ার হোসাইন আজিজী আরও জানান, গত আট দিন ধরে শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি, যা ছিল ন্যায্য দাবির আন্দোলনের অংশ। তবে বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত স্কুল শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এ আট দিনের পাঠদানের ক্ষতি পূরণ করা যায়।

তিনি বলেন, আমরা বুঝতে পারছি সরকারের কাছে শুধু আমাদের দাবি নয়, বরং বিভিন্ন গ্রুপের শিক্ষক, নন-এমপিও, সরকারি শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা পেশাজীবীর দাবিও রয়েছে। সরকার আমাদের সহযোগিতা চেয়েছে, আর আমরা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছেছি। আমাদের বড় দাবি, আলহামদুলিল্লাহ, প্রায় পূর্ণতা পেয়েছে। বাড়িভাড়া বিষয়ক প্রজ্ঞাপন হাতে পেয়েছি, যা ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

মেডিকেল ভাতার ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি আমাদের আরেকটি বড় অর্জন। আন্দোলন সফল হয়েছে, প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি ফিরছি। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে যে সমাধান হয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আজকের পর থেকে সব আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হলো।

এ সময় তিনি বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন: