
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুসারে প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এরই অংশ হিসেবে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গমবাহী একটি জাহাজ আজ (শনিবার) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
ইতোমধ্যে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নমুনা পরীক্ষার পর দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম চালানের মোট ৫৬ হাজার ৯৫৯ টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন চট্টগ্রামে এবং বাকি ২২ হাজার ৭৮৯ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।