
ছবি সংগৃহীত
আধুনিক জীবনে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে দিনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রযুক্তির সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হলো স্মার্টফোন। আর এই স্মার্টফোন চালাতে প্রয়োজন চার্জারের। প্রতিদিন হাতে নেওয়া এই অপরিহার্য যন্ত্রটির দিকে খেয়াল করলে দেখা যায়—চার্জারের রঙ প্রায় সবসময়ই সাদা। বড় প্রযুক্তি কোম্পানি থেকে শুরু করে ছোট ব্র্যান্ড—সাদা চার্জার যেন বহু বছর ধরে এক অঘোষিত আন্তর্জাতিক নিয়মের মতো চলে আসছে। প্রশ্ন হলো, পৃথিবী বদলে গেছে, প্রযুক্তিও উন্নত হয়েছে, কিন্তু চার্জারের রঙ কেন একই রয়ে গেল? কেনই বা সাদা রঙই বিশ্বব্যাপী চার্জারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত?
টেক বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রয়েছে ব্যবহারকারীর মনস্তত্ত্ব, উৎপাদন প্রক্রিয়ার বাস্তবতা, খরচ, নিরাপত্তা এবং তাপ নিয়ন্ত্রণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। চলুন জেনে নেওয়া যাক—
প্রিমিয়াম লুক ও ব্যবহারকারীর মনস্তত্ত্ব
সাদা রঙকে পরিচ্ছন্নতা, সরলতা ও প্রিমিয়াম ভাবের প্রতীক হিসেবে ধরা হয়। দূর থেকেও সাদা চার্জারকে নতুন ও আকর্ষণীয় দেখায়। ব্যবহারকারীর মনে ইতিবাচক প্রভাব ফেলে বলেই অ্যাপল শুরু থেকেই সাদা চার্জার ব্যবহার করছে। এরপরই অন্যান্য ব্র্যান্ডও সেই ধারা অনুসরণ করে, যা পরবর্তীতে শিল্পে এক ধরনের স্ট্যান্ডার্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
নিরাপত্তা শনাক্ত করা সহজ
সাদা রঙে দাগ, পোড়া অংশ বা ক্ষতচিহ্ন দ্রুত চোখে পড়ে। ফলে চার্জারের কোনো সমস্যা হলে ব্যবহারকারী সহজেই তা বুঝতে পারেন, যা নিরাপত্তার জন্য জরুরি। কালো বা গাঢ় রঙের চার্জারে একই দাগ এতটা দৃশ্যমান না হওয়ায় ঝুঁকি বাড়তে পারে।
উৎপাদন খরচ কম
সাদা প্লাস্টিক তৈরিতে অতিরিক্ত রঙের প্রয়োজন হয় না, তাই উৎপাদন খরচ তুলনামূলক কম পড়ে। সাশ্রয়ী হওয়ায় অনেক কোম্পানি সাদা চার্জারই বেছে নেয়।
তাপ কম শোষণ করে, আয়ু বাড়ে
বিশেষজ্ঞদের মতে, সাদা রঙ তুলনামূলক কম তাপ শোষণ করে এবং চার্জিংয়ের সময় চার্জারে যে তাপ তৈরি হয়, তা কিছুটা প্রতিফলিত করতে পারে। ফলে চার্জারের তাপমাত্রা কম থাকে এবং দীর্ঘদিন টিকে।
ব্র্যান্ডিং ও বাজার-মনস্তত্ত্ব
মার্কেটিং দুনিয়ায় সাদা রঙকে বিশ্বাসযোগ্যতা, সরলতা ও শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। অ্যাপল এই বিষয়টি কাজে লাগিয়ে বাজারে সাদা চার্জারের জনপ্রিয়তা তৈরি করেছে, যা আজও শিল্পে ট্রেন্ড হিসেবে বজায় রয়েছে।
তবে কালো চার্জার খারাপ নয়
অনেকেই মনে করেন, সাদা বেশি ব্যবহৃত মানেই কালো বা অন্য রঙ নিম্নমানের। বাস্তবে তা নয়। বিভিন্ন ব্র্যান্ড নতুন ডিজাইন আনতে কালো বা ভিন্ন রঙের চার্জার বাজারে এনে চলেছে। তবে নিরাপত্তা, সাশ্রয়, প্রিমিয়াম ফিল এবং সর্বজনীনতার দিক দিয়ে এখনো সাদা চার্জারই সবচেয়ে বেশি জনপ্রিয়।