
ছবি সংগৃহীত
দণ্ডিত ব্যক্তিদের কোনো ধরনের প্রচার না করার জন্য দেশের সব গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। সোমবার (১৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিএসএ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে দেশের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করছে। এসব বক্তব্যের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচনা বা নির্দেশনা রয়েছে।
এনসিএসএ জানায়, দণ্ডপ্রাপ্ত বা পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর নিয়মাবলীর পরিপন্থী। বিশেষ করে অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত এমন তথ্য, যা দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে, জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় কিংবা সহিংসতায় উসকানি দেয় সেগুলো অপসারণ বা ব্লক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
এছাড়া অধ্যাদেশের ধারা ২৬(১) অনুযায়ী, ‘ছদ্ম পরিচয়’ ব্যবহার করে বা অবৈধভাবে প্রবেশ করে ঘৃণা, জাতিগত বৈষম্য বা সহিংসতায় প্ররোচনামূলক বক্তব্য প্রকাশ বা প্রচার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা ২৬(২) তে বলা হয়েছে, এ ধরনের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করেই এনসিএসএ এই আহ্বান জানাচ্ছে। দণ্ডিত ব্যক্তিদের সহিংসতা, বিশৃঙ্খলা, উসকানি বা অপরাধমূলক আহ্বানসম্বলিত কোনো বিবৃতি প্রচার থেকে বিরত থাকতে এবং সম্ভাব্য আইনি ঝুঁকি বিবেচনা করার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।