বাতিল হচ্ছে পুরোনো নামজারি পদ্ধতি, ভূমি মালিকদের ভোগান্তির অবসান

ছবি সংগৃহীত

অবশেষে ভূমি মালিকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে যাচ্ছে। বাতিল করা হচ্ছে বর্তমান নামজারি পদ্ধতি—এখন থেকে আর আলাদা করে নামজারির আবেদন করতে হবে না। সরকারের ঘোষণা অনুযায়ী, নতুন স্বয়ংক্রিয় নামজারি (অটোমেশন) প্রক্রিয়ায় দলিল রেজিস্ট্রির সঙ্গেই সম্পন্ন হবে নামজারি।

ভূমি মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন এই অটোমেশন ব্যবস্থা ইতোমধ্যে দেশের ৩০টিরও বেশি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এরপরই এটি পুরো দেশে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, দলিল রেজিস্ট্রির সময় জমির দাতা ও ক্রেতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে—দাতা প্রকৃত মালিক কিনা, জমি নিয়ে কোনো বিরোধ আছে কিনা, জমাখারিজ বা খতিয়ান হালনাগাদ কিনা—সবকিছুই একই প্রক্রিয়ায় নিশ্চিত করা হবে।

যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দলিল রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে ভূমি অফিস ‘গ্রিন সিগন্যাল’ পাঠাবে, এবং সেই মুহূর্তেই নতুন মালিকের নামে নামজারি সম্পন্ন হবে। ফলে আর আলাদা করে আবেদন বা দৌড়ঝাঁপের প্রয়োজন থাকবে না।

ভূমি মন্ত্রণালয় বলছে, নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে দুর্নীতি, দেরি ও হয়রানির সুযোগ বন্ধ হবে। আগে যেখানে আবেদন, ঘুষ, সময়ক্ষেপণ ও অস্পষ্টতার কারণে ভূমি মালিকরা বছরের পর বছর ভোগান্তিতে ভুগতেন, এখন একবার দলিল রেজিস্ট্রি করলেই তারা খতিয়ান, হোল্ডিং নম্বর ও খাজনা প্রদানের পূর্ণাঙ্গ কাগজপত্র পাবেন।

ভূমি উপদেষ্টা বলেন, “এই বছরের মধ্যেই ভূমি মালিকরা নতুন স্বয়ংক্রিয় নামজারি ব্যবস্থার সুফল পাবেন। এটি কার্যকর হলে নামজারি সংক্রান্ত দুর্নীতি, দেরি ও হয়রানি চিরতরে বন্ধ হবে।”

নতুন এই ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়িত হলে ভূমি অফিসে বছরের পর বছর ধরে জমে থাকা নামজারি আবেদন ও জনগণের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন: