
এনসিপি নেত্রী জান্নাতারা রুমী . ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলা এলাকায় একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নারী নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জান্নাতারা রুমি (৩০)। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে। তবে এ ঘটনার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোস্টেলের কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাতারা রুমির মরদেহ উদ্ধার করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জান্নাতারা রুমি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মো. জাকির হোসেন ও নুরজাহান বেগমের কন্যা।