গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত, আহত ২

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (গতকাল) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর এলাকায় সিলেট–জকিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার আবদুল আহাদ (৪৩) এবং রানাপিং এলাকার লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)। আহত ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর এলাকার জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আবদুল আলিমের ছেলে আরিফুল হক (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে উত্তর গোয়াসপুর এলাকায় সিলেট থেকে গোলাপগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলের চার আরোহীই গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আবদুল আহাদ ও সাব্বির আহমদের মৃত্যু হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন: