ফেঞ্চুগঞ্জে দিনব্যাপী গণসংযোগ করেন সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসন (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ)-এর স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকর বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য কর্মী কিংবা প্রয়োজনীয় অর্থ—কিছুই আমার নেই। আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র শক্তি। আমার দায়বদ্ধতাও থাকবে শুধু আপনাদের প্রতিই। তিনি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলায় সারাদিনব্যাপী গণসংযোগসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকালে এসব কথা বলেন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মইনুল বাকর আরও বলেন, আমি যতদিন বেঁচে থাকব, এই দেশেই থাকব। যদি মৃত্যুবরণও করি, এই দেশেই করব। দেশের মানুষই আমাকে দাফন করবে। এই শপথ নিয়েই আমি কথা দিচ্ছি—নির্বাচিত হলে সবার অধিকার নিশ্চিত করব এবং কোনো নাগরিকের প্রতি বৈষম্য করা হবে না।

বক্তব্যে মইনুল বাকর বিগত দিনের এই অঞ্চলের অবহেলা ও উন্নয়নবঞ্চনার চিত্র তুলে ধরে বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে একটি রাস্তাও সঠিকভাবে কার্পেটিং করা হয়নি। অসংখ্য স্কুল-কলেজ ও মাদ্রাসা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সফরকালে তিনি দেখেছেন, শিক্ষক ও শিক্ষার্থীরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইনশাআল্লাহ ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার সড়ক অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

 

শেয়ার করুন: