কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

ছবি : সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বিকেল তিনটার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সামনের গেট দিয়ে অ্যাম্বুলেন্সটি প্রবেশ করানো হয়। মরদেহবাহী গাড়িটির ওপর উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েমসহ তার ঘনিষ্ঠ সহযোদ্ধারা।

অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের প্রায় পাঁচ মিনিট পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান কেন্দ্রীয় মসজিদের ভেতর দিয়ে সেখানে পৌঁছান।

এর আগে একই দিন দুপুর আড়াইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাস্থলে উপস্থিত মানুষজন ছাড়াও টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখা বহু মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।

লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই জানাজায় নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি তিন বাহিনীর প্রধানরা ছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন।

শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণের জন্য দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়। এরপর আর্চওয়ে গেট দিয়ে ছাত্র-জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন।

শেয়ার করুন: