সিলেটে উদ্বোধন হচ্ছে বিসিবির প্রথম আঞ্চলিক কার্যালয়

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আঞ্চলিক কার্যালয় চালু হতে যাচ্ছে। এই নতুন উদ্যোগের যাত্রা শুরু হচ্ছে সিলেট থেকে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বিসিবি সিলেট অফিস।

দেশজুড়ে ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে বিভাগভিত্তিক আঞ্চলিক কার্যালয় গঠনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। এর অংশ হিসেবেই সিলেটে প্রথম আঞ্চলিক অফিস চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও অন্যান্য বিভাগেও একই ধরনের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, এসব আঞ্চলিক কার্যালয় ‘অ্যাসোসিয়েশন’ হিসেবে নয়, সংশ্লিষ্ট বিভাগের নামেই পরিচালিত হবে। যেমন—বিসিবি সিলেট, বিসিবি চট্টগ্রাম। প্রতিটি আঞ্চলিক অফিসে একজন প্রধান কর্মকর্তা থাকবেন, যাঁর নেতৃত্বে পরিচালিত হবে সব কার্যক্রম। এ জন্য পৃথক অর্গানোগ্রাম ও জনবল কাঠামো নির্ধারণ করা হবে। আঞ্চলিক অফিসপ্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে আবেদন আহ্বান করা হবে, যাতে যোগ্য ও দক্ষ ব্যক্তিরা দায়িত্ব পালনের সুযোগ পান।

ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন কিংবা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে দেশগুলোর আঞ্চলিক ক্রিকেট ব্যবস্থাপনার আদলে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ঢাকার বাইরে ক্রিকেট পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছে বিসিবি।

বর্তমানে সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলমান রয়েছে এবং চট্টগ্রামের নির্ধারিত ম্যাচগুলোও সিলেটে অনুষ্ঠিত হচ্ছে। এই সময়েই সিলেটে আঞ্চলিক অফিসের উদ্বোধন হতে যাচ্ছে। বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পর থেকেই আঞ্চলিক ক্রিকেট কাঠামো জোরদারে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।

শেয়ার করুন: