
শতবর্ষ ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬–২০২৭) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে টানা সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর। সাধারণ সম্পাদক পদে সর্বাধিক ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।
নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মো. ইরফানুজ্জামান চৌধুরী ও সনতু দাস উপস্থিত ছিলেন। এবারের নির্বাচনে মোট ৯২ জন ভোটারের মধ্যে ৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফল অনুযায়ী সভাপতি পদে মুকতাবিস উন নূর পেয়েছেন ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি ইকরামুল কবির পেয়েছেন ৩৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৮ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ইয়াহইয়া ফজল পেয়েছেন ৩২ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেট বাণীর সম্পাদক এম এ হান্নান। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম। এই পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করেন কামাল উদ্দিন আহমেদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও কবির আহমদ।
সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাকিব আহমদ মিঠু। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন দৈনিক ইনকিলাবের সিলেট প্রতিনিধি ফয়সাল আমীন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন গোলজার আহমেদ। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডেইলি স্টারের চিত্র সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিক আহমদ শফি।
পাঠাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান। সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের নগর সংবাদদাতা মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স এবং মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।
এর আগে সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সদস্যরা সক্রিয় ও প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।