আজ পবিত্র শবে মেরাজ

আজ শুক্রবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ দিবাগত এই পবিত্র রাতে মহান আল্লাহর প্রিয় হাবিব ও রসুল হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ সান্নিধ্য লাভ করেন।

ইসলামি বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহর মেহমান হিসেবে তিনি আরশে আজিমে উপস্থিত হয়ে উম্মতে মোহাম্মদির জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন। সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহর নির্দেশে বরকতময় এই রাতে তিনি মেরাজ বা ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন।

এই অলৌকিক ঘটনাই মুসলমানদের কাছে শবে মেরাজকে অত্যন্ত মহিমান্বিত করে তুলেছে। পবিত্র কোরআনে এ ঘটনাকে ‘ইসরা’ (রাতের ভ্রমণ) ও ‘মেরাজ’ (ঊর্ধ্বগমন) হিসেবে উল্লেখ করা হয়েছে।

পবিত্র শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা ছাড়াও ধর্মীয় ও সামাজিক সংগঠনসমূহ ওয়াজ মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে।

মহিমান্বিত এই রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আজকার, দোয়া-দরুদসহ বিভিন্ন ইবাদত ও বন্দেগির মাধ্যমে পালনের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন: