টি–টুয়েন্টি বিশ্বকাপ সংকট: বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে চিঠি পিসিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে পিসিবি জানায়, প্রতিবেশী অঞ্চলে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তারা সমর্থন করে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পিসিবির এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের অন্যান্য সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোয় বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ বুধবার আইসিসি বোর্ড সভা আহ্বান করেছে। তবে পিসিবির চিঠির কারণেই এই সভা ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পিসিবির এই চিঠি পাঠানোর সময় নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ধারণা করা হচ্ছে, এতে আইসিসির অবস্থানে তেমন কোনো প্রভাব পড়বে না। বিশ্বকাপের সূচি পরিবর্তন বা বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে আইসিসি রাজি নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনাতেও আইসিসি একই কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ সরকারের সমর্থন নিয়ে বিসিবি আগেই জানিয়ে দিয়েছে, গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে ভারতে পাঠানো হবে না। এ বিষয়ে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ বৈঠকটি গত সপ্তাহান্তে ঢাকায় অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সরে আসেনি। আইসিসি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ আয়োজন করতে চায়, আর বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে—ভারতে দল পাঠানোর সিদ্ধান্ত তারা নেবে না।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ২১ জানুয়ারি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এর আগে গুঞ্জন ওঠে, বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিতে পারে পিসিবি এবং বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তারাও বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করছে। তবে এসব বিষয়ে পিসিবি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং ইএসপিএনক্রিকইনফোর প্রশ্নেরও উত্তর দেয়নি।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভারতের উগ্রবাদী গোষ্ঠীর প্রতিবাদের মুখে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এ সিদ্ধান্তের নির্দিষ্ট ব্যাখ্যা না দেওয়া হলেও ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের অবনতিকে এর একটি কারণ হিসেবে দেখা হয়। এই ঘটনায় বাংলাদেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না।

শেয়ার করুন: