
ছবি: সংগৃহীত
অনেক সময় রাতে পর্যাপ্ত ঘুম হয়েছে মনে হলেও সকালে উঠেই শরীর ভারী লাগে, কাজের প্রতি অনীহা দেখা দেয়। এমন পরিস্থিতি শরীরের ভেতরে থাকা কিছু সমস্যা বা দৈনন্দিন জীবনযাপনের অসংগতির ইঙ্গিত দিতে পারে। ঘুমের পরও ক্লান্ত থাকার পেছনে যেসব কারণ থাকতে পারে, সেগুলো নিচে তুলে ধরা হলো—
ঘুমের মান খারাপ হওয়া
ঘুমের সময় বারবার অজান্তে জেগে ওঠা, গভীর ঘুমের অভাব বা স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যার কারণে প্রয়োজনীয় বিশ্রাম হয় না। ফলে ঘণ্টার হিসাবে ঘুম ঠিক থাকলেও শরীর সতেজ হয় না।
রক্তস্বল্পতা (হিমোগ্লোবিন কম)
বিশেষ করে নারীদের মধ্যে রক্তস্বল্পতা একটি সাধারণ সমস্যা। এতে সকালে দুর্বলতা, মাথা ঘোরা ও কাজ করতে অনীহা দেখা দিতে পারে।
মানসিক চাপ ও দুশ্চিন্তা
দীর্ঘদিনের মানসিক চাপ, উদ্বেগ বা হালকা বিষণ্নতা থাকলে ঘুমের সময় মস্তিষ্ক পুরোপুরি বিশ্রাম নিতে পারে না। এর প্রভাব সকালে ক্লান্তির মাধ্যমে প্রকাশ পায়।
থাইরয়েড ও হরমোনজনিত সমস্যা
থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে গেলে ঘুমের পরও শরীরে অলসতা, ঘুম ঘুম ভাব ও শক্তির ঘাটতি অনুভূত হয়।
পানিশূন্যতা ও পুষ্টির অভাব
পর্যাপ্ত পানি না খাওয়া কিংবা ভিটামিন বি১২, ভিটামিন ডি ও আয়রনের ঘাটতিও সকালে ক্লান্ত লাগার অন্যতম কারণ হতে পারে।
রাতের অনিয়মিত অভ্যাস
রাতে দেরিতে খাবার খাওয়া, অতিরিক্ত চা-কফি পান করা বা দীর্ঘ সময় মোবাইল ও অন্যান্য স্ক্রিন ব্যবহারের ফলে ঘুমের গুণগত মান ব্যাহত হয়।
করণীয়
-
প্রতিদিন নিয়মিত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন
-
ঘুমানোর আগে মোবাইল ও স্ক্রিন ব্যবহার কমান
-
পর্যাপ্ত পানি পান করুন এবং সুষম খাদ্য গ্রহণ করুন
-
প্রয়োজন হলে হিমোগ্লোবিন, থাইরয়েড ও ভিটামিন বি১২/ডি পরীক্ষা করান
ঘুমের পরও দীর্ঘদিন ক্লান্তি অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।