পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আদালতের নির্দেশনা অনুযায়ী পাঁচজন প্রার্থীর মনোনয়ন গ্রহণ ও বাছাই এবং আরও নয়জন প্রার্থীকে প্রতীক বরাদ্দের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা পৃথক কয়েকটি চিঠির মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়।

ইসি সূত্রে জানা গেছে, প্রার্থী সংক্রান্ত বিষয়ে এ পর্যন্ত আদালত থেকে মোট ৩৪টি আদেশ পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি আদেশের বিষয়ে কমিশন ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাকি আদেশগুলোর বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। ফলে সামনে প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে কমিশন সম্মতি দিয়েছে।

যেসব পাঁচজন প্রার্থীর মনোনয়ন গ্রহণ ও যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন— ফরিদপুর-৪ আসনের সারোয়ার মিয়া, রংপুর-৫ আসনের মো. মাহবুবর রহমান, ঢাকা-১৫ আসনের মো. নিলভ পারভেজ, জামালপুর-১ আসনের মো. রফিকুল ইসলাম এবং ঢাকা-১০ আসনের আব্দুল্লা আল হোসেন।

এ ছাড়া যে নয়জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তারা হলেন— নরসিংদী-৪ আসনের কাজী শরিফুল ইসলাম, গোপালগঞ্জ-২ আসনের রনী মোল্লা, পাবনা-৩ আসনের মো. হাসানুল ইসলাম, নড়াইল-১ আসনের গাজী মাহাবুয়াউর রহমান, চট্টগ্রাম-১১ আসনের মুহাম্মাদ নেজামউদ্দিন, যশোর-৫ আসনের মো. কামরুজ্জামান, মানিকগঞ্জ-২ আসনের এস এম আব্দুল মান্নান, সিরাজগঞ্জ-৫ আসনের মো. হুমায়ুন কবির এবং সিরাজগঞ্জ-২ আসনের মো. সোহেল রানা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন: