পাঁচ বছরের বেশি সরকারি চাকরি নয়—মন্তব্য প্রধান উপদেষ্টার

সরকারি কর্মকর্তাদের দীর্ঘ সময় একই চাকরিতে থাকা সৃজনশীলতার জন্য ক্ষতিকর—এমন মত দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর মতে, একজন কর্মকর্তা পাঁচ বছরের বেশি সময় সরকারি চাকরিতে থাকলে তার চিন্তাধারা স্থবির হয়ে পড়ে এবং উদ্ভাবনী ক্ষমতা কমে যায়।

বুধবার (আজ) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগোরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান উপদেষ্টা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের লক্ষ্য ও বাস্তবতা বদলায়। কিন্তু দীর্ঘদিন একই মানুষ একই জায়গায় থাকলে পুরোনো চিন্তা ও ধারণা নিয়ে কাজ করতে থাকেন। তাই প্রতিটি প্রতিষ্ঠানকে অন্তত ১০ বছর পর পর নতুনভাবে ঢেলে সাজানো প্রয়োজন।

চাকরিমুখী মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণা বাস্তবসম্মত নয়। এটি এক ধরনের নির্ভরশীলতা তৈরি করে। বরং উদ্যোক্তা তৈরিতে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে, যাতে তরুণরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন দেশের রাজনীতিতে যেমন নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো প্রযুক্তিখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। তাঁর আশাবাদ, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণরাই ভবিষ্যতে বিশ্বপর্যায়ে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন: