নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, নির্বাচনী সময়কে ঘিরে রাজনৈতিক সহিংসতা কিংবা উগ্রপন্থী হামলার আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনার সম্ভাব্য লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ, ভোটকেন্দ্র ও ধর্মীয় উপাসনালয়। এ অবস্থায় বিক্ষোভ-সমাবেশ ও বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন, পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতি সচেতন থাকা এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবরে নজর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগেও গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য অনুরূপ নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ঢাকার মার্কিন দূতাবাস।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) নির্দিষ্ট সময়ের জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।

এই পরিস্থিতিতে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি তারা সীমিত পরিসরে সশরীর সেবা প্রদান করবে।

নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দূতাবাসের পরামর্শগুলো হলো— বড় জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, সব সময় সচেতন থাকা, অপ্রয়োজনীয়ভাবে নজরে পড়ার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকা, জরুরি প্রয়োজনে চার্জ দেওয়া মোবাইল ফোন সঙ্গে রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা এবং বিকল্প চলাচলপথ আগেভাগে নির্ধারণ করে রাখা।

শেয়ার করুন: