সিলেটে গভীর রাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত অন্তত ১৫ জন

ছবি: সংগৃহীত

সিলেট নগরীর তেমুখি পয়েন্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, তেমুখি পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি আরও জানান, সংঘর্ষের পর থেকে তেমুখি পয়েন্ট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন: