
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের পাঠানো চার লাখ এক হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসীদের কাছে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ২৬ হাজার ৪৯৮ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে চার লাখ ৮২ হাজার ৮১৭ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। এছাড়া চার লাখ ৪৯ হাজার ছয় জন ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে জমা দিয়েছেন।
এদিকে রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত এক লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট গ্রহণ করেছেন।
প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত দেশের ভেতরে ছয় লাখ ৯৪ হাজার ১৪৬ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরে তিন লাখ ২৪ হাজার দুই জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে দুই লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ভোট দিয়েছেন এবং দুই লাখ ১৩ হাজার ৬৯৭ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাস মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।