সিলেটে জামায়াতের নির্বাচনী জনসভায় শফিকুর রহমানের বক্তব্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ৫৪ বছরে দেশের বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে এবং কোনো সরকারই এ দায় থেকে মুক্ত নয়। তিনি দাবি করেন, বিশেষ করে গত ১৭ বছরে প্রায় সাড়ে ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি সিলেটের সন্তান হিসেবে মানুষের সামনে দাঁড়িয়েছেন এবং জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, অতীতে অনেককে সুযোগ দেওয়া হয়েছে, এবার তাকে সুযোগ দিলে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করবেন। তিনি উল্লেখ করেন, তাদের দল ক্ষমতায় গেলে নিজেদের মালিক নয়, বরং জনগণের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ যারা আত্মসাৎ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পাচার হওয়া অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, তাদের শাসনামলে ঘুষ লেনদেন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কেবল দলীয় বিজয় নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের কল্যাণ চায়। আগামী পাঁচ বছরে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরশাসনের অবসানের পর তারা প্রতিশোধ নয়, কৃতজ্ঞতা প্রকাশের পথ বেছে নিয়েছেন এবং ভবিষ্যতেও ন্যায়বিচারের পথে থাকার অঙ্গীকার করেন।

স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়েও তিনি বক্তব্য দেন। সুনামগঞ্জের বাঁধ রক্ষা, জলাশয় ব্যবস্থাপনা, জেলে ও চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পারিবারিক উত্তরাধিকার ভিত্তিক রাজনীতির বিরুদ্ধেও অবস্থান জানান তিনি।

বক্তব্য শেষে তিনি সিলেট জেলার ছয়টি ও সুনামগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় সমাবেশস্থলে বিভিন্ন প্রতীকের পক্ষে স্লোগান দেওয়া হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি শাহজাহান আলী, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, হাফিজ আনোয়ার হোসাইন খান, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন: