
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মইনুল বাকর জরুরি সংবাদ সম্মেলনে
তাঁর ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সিলেট নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মইনুল বাকর দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর কাছে তাঁর নির্বাচনী প্রতীক কম্পিউটার মার্কায় ভোট প্রার্থনা করেন।
ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সিলেট-৩ আসন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বিশুদ্ধ পানির মতো মৌলিক খাতে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে অতীতের নেতৃত্ব। ফলে সাধারণ মানুষ আজও উন্নয়নের সুফল থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ দীর্ঘদিন ধরেই অবহেলিত অঞ্চল হিসেবে রয়ে গেছে। বিশেষ করে গত দুই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের প্রত্যাশা অনুযায়ী দৃশ্যমান কোনো উন্নয়ন নিশ্চিত করতে পারেননি।
নিজের ইশতেহারকে সাম্য, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক উন্নয়নের প্রতীক হিসেবে উল্লেখ করে মইনুল বাকর বলেন, তাঁর প্রধান অঙ্গীকার হলো দুর্নীতি ও দুঃশাসনমুক্ত, জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করা।
ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—
ভঙ্গুর সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় সেতু নির্মাণ, সিলেট-বালাগঞ্জ ও সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সংস্কার, আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালু এবং বন্ধ থাকা রেলস্টেশন পুনরায় চালু করা।
শিক্ষা খাতে প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং দক্ষিণ সুরমায় একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকারদের জন্য কর্মসংস্থান ডাটাবেজ তৈরি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু করার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
এছাড়া কৃষি উন্নয়ন, হাওরভিত্তিক পর্যটন শিল্প গড়ে তোলা, খেলাধুলার মাঠ নির্মাণ, চা শ্রমিকদের অধিকার সংরক্ষণ এবং নারীবান্ধব কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।
মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রবাসী সেল গঠন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের প্রতিশ্রুতিও রয়েছে ইশতেহারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রার্থী মইনুল বাকরের মা, তাঁর দুই কন্যা এবং নির্বাচনের প্রধান এজেন্ট। তাঁরা প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করেন এবং তাঁর নির্বাচনী কার্যক্রমে সংহতি জানান।
শেষে মইনুল বাকর বলেন, দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত সিলেট-৩ আসনকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে তিনি জনগণের সর্বাত্মক সমর্থন কামনা করেন।