
কানাডার একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরের টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। পুলিশ ধারণা করছে, হামলার পর তিনি আত্মহত্যা করেছেন।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্কুলের ভেতরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একটি বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
আরসিএমপি জানায়, গুরুতর আহত দুজনকে হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় একটি মেডিকেল সেন্টারে প্রায় ২৫ জনকে বিভিন্ন আঘাত নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর দ্রুত স্কুল থেকে শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ যৌথভাবে শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। এদিকে ঘটনার পর জারি করা ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে এবং বর্তমানে এলাকায় আর কোনো হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ।