ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-কে সর্বসম্মতভাবে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এর মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত দলীয় অবস্থান তুলে ধরেন। শপথ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন এবং এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
