
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
ওই পোস্টের সঙ্গে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) স্বাক্ষরিত প্রেসিডেন্ট ট্রাম্পের একটি চিঠিও সংযুক্ত করা হয়েছে। চিঠিতে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য তারেক রহমানকে আমেরিকার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং প্রধানমন্ত্রিত্বের সফল মেয়াদ কামনা করা হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সাম্প্রতিক পারস্পরিক বাণিজ্য চুক্তির বিষয়টিও এতে তুলে ধরা হয়েছে। চুক্তি বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়। একইসঙ্গে এটি দুই দেশের শ্রমিক ও কৃষকদের জন্য উপকারী হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এছাড়া নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, এ ধরনের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী উন্নতমানের মার্কিন সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও জোরদার হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।