
মশক নিধন, বনায়ন কর্মসূচি জোরদার এবং নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক জানান, দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, অতীতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো প্রত্যাশিতভাবে জনগণের সেবা দিতে পারেনি। নির্বাচন ও প্রশাসনিক কার্যক্রমে নানা সীমাবদ্ধতার কারণে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জনগণের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আবদুস সালাম আরও জানান, দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূরীকরণে কয়েকটি অগ্রাধিকারমূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার মধ্যে রয়েছে—বঞ্চিত নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দেওয়া, মশক নিধন কার্যক্রম জোরদার করা, নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সামগ্রিক নাগরিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া। এসব বিষয়ে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, রমজান মাস চলমান এবং সামনে ঈদুল ফিতর। এ সময় নগরবাসী যাতে বাড়তি ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করা হবে বলেও তিনি জানান।