বালাগঞ্জের বোয়ালজুড় বাজারে সংঘর্ষে যুবক নিহত

বালাগঞ্জ উপজেলায় মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল আলী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালজুড় বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল কর্মী ইসমাইল আলী বালাগঞ্জ ইউনিয়নের কাজীপুর গ্রামের কাপ্তান মিয়ার ছেলে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠিয়েছে। সুরতহাল রিপোর্টে তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে নিহতের বড় ভাই মামুনের সঙ্গে ছাত্রদল কর্মী হাসানের বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন সময়ে বাকবিতণ্ডা ও হামলার অভিযোগ ওঠে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ইসমাইল গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাজার কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, ঘটনাটি রাজনৈতিক নয়, বাজারের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত ঘটনা জানা যাবে।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন: