ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কে আশ্রয়কেন্দ্রে লাখো ইসরায়েলি

ইরান বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ইসরায়েলের বিভিন্ন এলাকায় লাখো মানুষ নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জেরুজালেমে অবস্থানরত এএফপির প্রতিবেদকরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথাও জানিয়েছেন।

এদিকে ইরানের ছোড়া একটি ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পরে জাহাজটি ডুবে গেলে সেখান থেকে তেল সাগরে ছড়িয়ে পড়তে শুরু করে।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বিবৃতিতে জানায়, বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানে ড্রোনটি। জাহাজের ক্রুদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ইরান দিক থেকে আসা ড্রোনের আঘাতেই আগুন লাগে এবং পরে জাহাজটি ডুবে যায়।

তবে দুর্ঘটনার সময় জাহাজের সব নাবিক নিরাপদে উদ্ধার হয়েছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় সাগরে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশগত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলেও উল্লেখ করেছে ইউকেএমটিও।

শেয়ার করুন: