গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুসংবাদ। খবরটি মূলত ইরানের কিছু স্থানীয় গণমাধ্যমের সূত্রে এসেছে এবং পরে ফেসবুক ও এক্সসহ অন্যান্য প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হয়েছে।
প্রাথমিকভাবে খবরটি আরও জোরালো হয় ১৩ মার্চ প্রকাশিত একটি সংবাদ সম্মেলনের ভিডিওর কারণে। ভিডিওটি নেতানিয়াহুর সর্বশেষ আনুষ্ঠানিক টেলিভিশন উপস্থিতি হিসেবে বিবেচিত হয়। তবে কিছু ব্যবহারকারী ভিডিওর একটি ফ্রেমে নেতানিয়াহুর ডান হাতে পাঁচের পরিবর্তে ছয়টি আঙুল দেখার অভিযোগ করে এবং ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি বলে মন্তব্য করেন।
একই সময়ে নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্ট কয়েকদিন নিস্তব্ধ থাকায় গুজব আরও ছড়িয়ে পড়ে। মানুষরা ধরে নেন, পারিবারিক কোনো ঘটনার কারণে তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় নন।
তবে রবিবার নিজেই একটি ভিডিও প্রকাশ করে নেতানিয়াহু এই গুজবের অবসান ঘটান। ভিডিওতে দেখা যায়, জেরুসালেমের একটি কফি শপে তিনি এক কাপ গরম কফি হাতে নিচ্ছেন। হিব্রু ভাষার একটি প্রচলিত প্রবচন উল্লেখ করে তিনি বলেন, “কফির জন্য আমার মৃত্যু হয়েছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, কফি তার খুব প্রিয়।
ভিডিওতে ছয় আঙুল বিতর্কের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু ক্যামেরার দিকে হাত দেখিয়ে বলেন, “আপনারা কি এখন আমার হাতের আঙুল গুনে দেখতে চান?” এরপর তিনি ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে বলেন, ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে সবাইকে সতর্ক থাকতে হবে।
নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েলিদের সহনশীলতা তার নিজের, সরকারের, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদের শক্তির উৎস। তিনি কিছু উদ্যোগের কথাও উল্লেখ করেন যা এখন প্রকাশ করা সম্ভব নয়, তবে ইরান ও লেবাননের বিরুদ্ধে ইতিমধ্যেই তীব্র অভিযান চলছে।
এদিকে রবিবারই ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে। তাদের এক্স পোস্টে বলা হয়, “যদি নেতানিয়াহু এখনও জীবিত থাকে, আমরা তাকে খুঁজে বের করে হত্যা করব।
এই ভিডিও প্রকাশের মাধ্যমে নেতানিয়াহু অনলাইনে ছড়ানো গুজবকে নস্যাৎ করেছেন এবং নিজের সুস্থতা ও সতর্কতার বার্তা দিয়ে ইসরায়েলিদের শান্তি ও নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।
