ঈদের দ্বিতীয় দিনে সড়কে ঝরল ১৯ প্রাণ

ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। শনিবার (২১ মার্চ) রাত থেকে রোববার (২২ মার্চ) ভোর পর্যন্ত পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকাগামী মেইল ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই বাসের যাত্রী বলে জানা গেছে।

হবিগঞ্জ:
জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। রোববার সকালে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফেনী:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবান:
অন্যদিকে, বান্দরবানে একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঈদকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত চাপ ও বেপরোয়া যান চলাচলকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন: