আইএমএফ প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, ঋণের কিস্তি ছাড়ে আশাবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সচিবালয় এ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার

আলোচনায় আইএমএফের স্থগিত থাকা ঋণ কর্মসূচির দুটি কিস্তি ছাড়ের বিষয়টি গুরুত্ব পায়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, নির্ধারিত শর্ত পূরণে অগ্রগতি হলে বাংলাদেশ শিগগিরই প্রায় ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার পেতে পারে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, বিশেষ করে ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি আমদানির বাড়তি চাপ মোকাবিলায় বাংলাদেশ আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছে অতিরিক্ত প্রায় ২ বিলিয়ন ডলার সহায়তা চেয়েছে বলে জানা গেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জানিয়েছে, আইএমএফের সঙ্গে চলমান বৈঠকে সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, রাজস্ব আহরণ বৃদ্ধি, এনবিআর পুনর্গঠন, বাংলাদেশ ব্যাংক-এর স্বায়ত্তশাসন বাড়ানো এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর মতো গুরুত্বপূর্ণ শর্তগুলো এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

উল্লেখ্য, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক চাপে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ৪ দশমিক ৭০ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরবর্তীতে তা বাড়িয়ে মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর মধ্যে এখন পর্যন্ত ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ছাড় হয়েছে, বাকি রয়েছে প্রায় ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

গত বছরের ডিসেম্বরে একটি কিস্তি ছাড় হওয়ার কথা থাকলেও, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পর তা অনুমোদনের সিদ্ধান্ত নেয় আইএমএফ।

শেয়ার করুন: