ইরান যুদ্ধ ইস্যুতে নেতানিয়াহুর ‘অতিরিক্ত আত্মবিশ্বাসে’ হতাশ ভ্যান্স, ফোনালাপে উত্তপ্ত বাক্য বিনিময়

লতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর মধ্যে টেলিফোনে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর ‘অতিরিক্ত আশাবাদী’ দৃষ্টিভঙ্গি ঘিরেই এই তর্কের সূত্রপাত বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, ইরানে সম্ভাব্য সরকার পরিবর্তন নিয়ে নেতানিয়াহুর আত্মবিশ্বাসের বিষয়ে প্রশ্ন তোলেন ভ্যান্স। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধের আগে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে, ইরানে সরকার পরিবর্তন সহজ হবে। তবে বাস্তবতার তুলনায় সম্ভাবনাকে তিনি অনেক বেশি করে তুলে ধরেছিলেন বলে মনে করেন ভ্যান্স।

ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অভিযোগ করেন, ইসরায়েল ভ্যান্সের কূটনৈতিক উদ্যোগকে ব্যাহত করার চেষ্টা করছে। বর্তমানে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভ্যান্স। তিনি দীর্ঘদিন ধরেই বিদেশে সামরিক হস্তক্ষেপের সমালোচক হিসেবে পরিচিত।

এছাড়া যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার–এর সঙ্গে সমন্বয় করেও তিনি আলোচনায় অংশ নিচ্ছেন।

অন্য এক মার্কিন কর্মকর্তা দাবি করেন, ইসরায়েলের পক্ষ থেকে এমন কিছু তথ্য উপস্থাপন করা হয়েছিল, যাতে মনে হয় ইরান ভ্যান্সের সঙ্গে আলোচনায় বেশি আগ্রহী। তাদের ধারণা, ভ্যান্স যুদ্ধ শেষ করার জন্য সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হবেন। তবে এ ধরনের তথ্যকে ভ্যান্সের বিরুদ্ধে ‘অপপ্রচার’ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আরেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার মতে, আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে ভ্যান্সই সবচেয়ে সম্ভাবনাময় মধ্যস্থতাকারী। তাঁর ভাষায়, ইরান যদি ভ্যান্সের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারে, তাহলে অন্য কোনো চুক্তির সম্ভাবনাও ক্ষীণ।

শেয়ার করুন: