
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীন সফরে যাচ্ছেন। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি বেইজিং পৌঁছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন।
পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা এমন এক সময় শুরু হয়েছে, যখন ইসলামাবাদ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংলাপের পথ তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছে। লক্ষ্য—দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত করে আলোচনার মাধ্যমে সমাধানের পরিবেশ তৈরি করা।
গত এক সপ্তাহ ধরে ইসহাক দার সৌদি আরব, তুরস্ক এবং মিশর-এর সঙ্গে সমন্বয় করে একটি চারপক্ষীয় কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মুখোমুখি আলোচনার আয়োজন করা।
এদিকে চীন ইতোমধ্যে পাকিস্তানের এই উদ্যোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে। সাম্প্রতিক আলোচনার পর পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদে সম্ভাব্য ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ আয়োজনের প্রচেষ্টায় বেইজিং পূর্ণ সহযোগিতা দেবে।