
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ড্রোন হামলায় বাহরাইনে অবস্থিত একটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড সেবাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং শাখা অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর একটি ডেটা সেন্টার এই হামলার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একই দিনে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একটি কোম্পানির স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এটিকে ইরানি হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছে। তবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নাম, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ ঘটনার আগের দিনই ইরানের বিপ্লবী গার্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। সম্ভাব্য লক্ষ্য হিসেবে মাইক্রোসফট, গুগল ও অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয়। ইরানের ওপর সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসেবে এ ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
হামলার বিষয়ে জানতে চাইলে অ্যামাজন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে গত সপ্তাহেও অ্যামাজন জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাহরাইনে তাদের ক্লাউড সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। এক মাসের ব্যবধানে এটি দ্বিতীয়বার, যখন আঞ্চলিক অস্থিরতার প্রভাব তাদের সেবায় পড়ল।
উল্লেখ্য, অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং ইউনিট এডব্লিউএস বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট, প্রতিষ্ঠান এবং সরকারি সেবার অবকাঠামো হিসেবে ব্যবহৃত হয়। একই সঙ্গে এটি কোম্পানিটির অন্যতম প্রধান আয়ের উৎস।