হরমুজ প্রণালী ইস্যুতে ট্রাম্পের নতুন হুমকি, ‘আজ রাতেই ঘটতে পারে বড় কিছু

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ার মধ্যেই নতুন করে কঠোর বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালীটি খোলা রাখার জন্য নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে তিনি ইরানকে উদ্দেশ করে এ হুঁশিয়ারি দেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আজ রাতেই এমন একটি ঘটনা ঘটতে পারে, যা একটি গোটা সভ্যতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে এবং যা আর কখনও ফিরিয়ে আনা সম্ভব হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, তিনি এমন পরিস্থিতি চান না, তবে বাস্তবতা সে দিকেই যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানে শাসনব্যবস্থায় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে—যেখানে তুলনামূলকভাবে ভিন্ন, বিচক্ষণ এবং কম উগ্র মনোভাবাপন্ন ব্যক্তিদের উত্থান ঘটতে পারে।

পোস্টে তিনি বলেন, “হয়তো ইতিবাচক কিছু ঘটতে পারে—আমরা শিগগিরই তা জানতে পারব। আজকের রাতটি বিশ্ব ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।”

সবশেষে ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, “দীর্ঘ ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংসতার অবসান ঘটতে পারে।” একই সঙ্গে তিনি ইরানের জনগণের মঙ্গল কামনা করেন।

শেয়ার করুন: