নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্তকে আইনি ভিত্তি দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ এবার সংসদে বিল আকারে পাস হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘সন্ত্রাসবিরোধী বিল ২০২৬’ উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

নতুন এই আইনের মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনে আরও সংশোধন এনে কঠোরতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আওয়ামী লীগের ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সংসদে বিল উত্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইন থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। ওই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে জড়িত সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত করা হয়, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

শেয়ার করুন: