ইরানে পারমাণবিক হামলা নয়, চুক্তিই চান ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানে পারমাণবিক হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানে পারমাণবিক হামলার কোনো প্রয়োজন নেই এবং এ ধরনের প্রশ্নকে তিনি “মূর্খতাপূর্ণ” বলে মন্তব্য করেন। খবর রয়টার্সের।
ট্রাম্প বলেন, “আমরা প্রচলিত শক্তি দিয়েই তাদের পুরোপুরি ধ্বংস করেছি, সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দরকার কী?” তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই কারও পারমাণবিক হামলা চালানো উচিত নয়।
ইরান ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প জানান, দেশটির সঙ্গে সংঘাত নিরসনে তার ওপর কোনো চাপ নেই। বরং তিনি ইরানের সঙ্গে একটি ভালো ও কার্যকর চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ট্রাম্প বলেন, ইরান চুক্তিতে পৌঁছালে এই গুরুত্বপূর্ণ নৌপথ আবারও খুলে দেওয়া হবে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতির সময় ইরান যেন তেল বিক্রি করে বিপুল অর্থ আয় করতে না পারে, সেটিও তিনি নিশ্চিত করতে চান। তার ভাষায়, “তারা যেন প্রতিদিন শত শত মিলিয়ন ডলার আয় করতে না পারে—আমি সেটাই বন্ধ করে রেখেছি।”
তবে চুক্তি না হলে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, প্রয়োজনে তিনি সামরিক শক্তি ব্যবহার করে এই সংঘাতের অবসান ঘটাবেন।

শেয়ার করুন: