ওয়াশিংটনে নৈশভোজে গুলির ঘটনা, ট্রাম্প বললেন— প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ হলেও তিনি ভেঙে পড়েননি

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব স্বভাবতই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। তবে সাম্প্রতিক গুলির ঘটনার পরও তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি বলে জানিয়েছেন।

স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসি-র ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এ সময় দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-সহ উপস্থিত অতিথিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস

সিক্রেট সার্ভিস জানায়, ঘটনাস্থলে টানা সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে সবাইকে টেবিলের নিচে আশ্রয় নিতে নির্দেশ দেন। আতঙ্কের মধ্যে কেউ মেঝেতে শুয়ে পড়েন, আবার কেউ টেবিলের নিচে লুকিয়ে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

পরে সন্দেহভাজন এক শ্যুটারকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তাকে আদালতে হাজির করে দুটি অভিযোগ আনা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ঝুঁকিপূর্ণ হলেও আমি মানসিকভাবে ভেঙে পড়ার মানুষ নই। আমি বিষয়গুলো স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করি এবং দায়িত্ব পালন করে যাচ্ছি।”

তিনি আরও জানান, ঘটনার আগে কোনো ধরনের হামলার পূর্বাভাস বা হুমকির তথ্য তাদের কাছে ছিল না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাকারীর তার কাছে পৌঁছানো কঠিন ছিল।

ট্রাম্প এ সময় তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও উল্লেখ করে বলেন, তার দায়িত্ব যে ঝুঁকিপূর্ণ—এ বিষয়ে তিনি আগেই সতর্ক করেছিলেন। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, হোয়াইট হাউস সংবাদদাতাদের এই নৈশভোজে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

শেয়ার করুন: